
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ থেকে ৬ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও তার পাটের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে আওয়ামী লীগ সমর্থকদের একটি মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলায় পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুলসহ বেশ কয়েকজন আসামি ছিলেন। মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
এরপর সন্ধ্যার দিকে নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা বসে থাকা অবস্থায়, আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয় ভাঙচুর করেন এবং সেখানে উপস্থিত বিএনপি সমর্থকদের মারধর করেন।
এই হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তার একটি পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রైম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ জানান, খবর পেয়ে দ্রুত ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

