
নিজস্ব প্রতিবেদক, ফেনী:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামের এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের লালপোলস্থ স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত অবস্থায় একটি অজ্ঞাতনামা ট্রাক হুট করে ব্রেক করে। এ সময় পেছনে থাকা দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসটি চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর সজোরে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাস্টমস কর্মকর্তা আবদুল আলিমের মৃত্যু হয়।
এদিকে এই দুর্ঘটনার ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

