
চট্টগ্রাম, ১৯ আগস্ট ২০২৬:
ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (BIGRS) অংশ হিসেবে এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (GRSP) আয়োজনে হোটেল রেডিসন ব্লু-তে দুই দিনব্যাপী ‘রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ (সড়ক দুর্ঘটনা তদন্ত) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ ও ১৮ আগস্ট ২০২৬ খ্রি. অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি সড়ক দুর্ঘটনার অন্তর্নিহিত কারণসমূহ বৈজ্ঞানিক উপায়ে শনাক্ত করা এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পুঙ্খানুপুঙ্খ ও তথ্য-প্রমাণভিত্তিক দুর্ঘটনা তদন্তের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মো. লিয়াকত আলী খান, সিএমপির বিভিন্ন স্তরের সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট, উপ-পরিদর্শক (এসআই) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সর্বমোট ৭৪ জন অংশগ্রহণকারী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন।
এই কর্মশালা সড়ক দুর্ঘটনা রোধে তদন্তকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং চট্টগ্রামে নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
