
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল অগ্রণী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ৪ কোটি ৩৮ লাখ টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় আত্মসাৎকৃত অর্থ দিয়ে গড়ে তোলা একটি গরুর খামারের সন্ধান পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মোঃ কামরুল হোসেন (৪১), সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ, অগ্রণী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব কর্পোরেট শাখা, চট্টগ্রাম।
২. মোঃ জাফরুল্লাহ তানভীর (২৫), ব্যবসায়ী।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, ১নং আসামি মোঃ কামরুল হোসেন লালদিঘী পূর্ব কর্পোরেট শাখায় ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত থাকা অবস্থায় অন্যান্য আসামিদের সাথে পরস্পর যোগসাজশ করেন। গত ১ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংকের ভোল্টে নগদ অর্থ জমা দেওয়ার সময় তিনি একটি অভিনব প্রতারণার আশ্রয় নেন।
তিনি ১০০০ টাকার বড় বান্ডেলের ভেতরে কৌশله ১০০ টাকা বা তার চেয়ে কম মানের ছোট নোটের বান্ডেল প্রবেশ করিয়ে ভোল্টে রেখে দিতেন। ফলে বাইরে থেকে বা বাহ্যিক দৃষ্টিতে ভোল্টে সমপরিমাণ টাকা রয়েছে বলে মনে হলেও বাস্তবে সেখানে পর্যাপ্ত টাকা ছিল না। এভাবে ভোল্টে টাকা না রেখে তিনি তা বিভিন্ন কায়দায় ২নং আসামি মোঃ জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে বিভিন্ন সময়ে স্থানান্তর করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কামরুল হোসেন জানান যে, আত্মসাৎকৃত এই অর্থ দিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন উত্তর বুড়িশ্চর এলাকার ফজদের আলী ফকির বাড়িতে ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলা হয়, যা ২নং আসামি দেখাশোনা করতেন। এভাবে তারা পরস্পর যোগসাজশ করে ব্যাংক থেকে মোট ৪,৩৮,০০,০০০/- (চার কোটি আটত্রিশ লক্ষ) টাকা আত্মসাৎ করেন।
আইনগত ব্যবস্থা
ঘটনার সত্যতা পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে গত ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রতারক চক্রের মূল হোতা ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানার মামলা নং-২২, তারিখ- ১০/০৮/২০২৬ খ্রি., ধারা- ৪০৮/৪২০/৩৪ পেনাল কোড রুজু করে। গ্রেপ্তারকৃত উভয় আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

