তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

admin
By admin
1 Min Read

২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে তেলের দাম। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে—এমন খবরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়ে দাম দ্রুত বেড়ে যায়।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি হলেও শক্তিশালী হামলার একটি পরিকল্পনা প্রস্তুত করেছে, যার উদ্দেশ্য তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানায়। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা সেন্টকম তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। খবরটি প্রকাশের পর বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি হয়, যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ২.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৯ ডলারে পৌঁছায়। বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির ব্রেন্টের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১১৩ ডলারের কাছাকাছি উঠে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে, যা তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য এই পরিকল্পনায় অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *