জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না : বস্ত্র ও পাটমন্ত্রী

admin
By admin
2 Min Read

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জের জিয়া হল প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে কিছু উদ্বেগ তৈরি হলেও বাস্তব হিসাব অনুযায়ী এর প্রভাব খুবই সীমিত। উদাহরণ হিসেবে তিনি জানান, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, যার ফলে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। এতে ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ বাড়ে মাত্র ৪৫ পয়সা, যা পণ্যমূল্য বৃদ্ধির মূল কারণ হতে পারে না। তিনি আরও বলেন, বাজারে অনেক সময় অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে বাস্তবতার চেয়ে গুজব ও জল্পনাই বেশি প্রভাব ফেলে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই করে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান তিনি। রপ্তানি খাতে মন্দাভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হঠাৎ করে তৈরি হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে। তবে সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ বাড়ানো এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। পাটখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়। মন্ত্রী বলেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন ও কর্মসংস্থান সৃষ্টি হয়। কিছু চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির এবং অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাহমান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *