এসএসসি পরীক্ষায় কোচিং সেন্টার খোলা থাকছে: শিক্ষামন্ত্রী

admin
By admin
1 Min Read

প্রশ্নফাঁসের আশঙ্কায় অতীতে পাবলিক পরীক্ষার সময় বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ রাখা হলেও এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সোমবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়-এ এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো সরকার স্বীকৃত বা নিবন্ধিত প্রতিষ্ঠান নয়, তাই এগুলোর কোনো আনুষ্ঠানিক তালিকাও মন্ত্রণালয়ের কাছে নেই। কোথায় কীভাবে কোচিং পরিচালিত হচ্ছে, সে সম্পর্কেও নির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই বলে উল্লেখ করেন তিনি। কোচিং সেন্টারগুলো বাণিজ্যিকভাবে পরিচালিত হয়ে বিপুল পরিমাণ কর প্রদান করছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রেড লাইসেন্স দেয় সিটি করপোরেশন, যার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি সম্পৃক্ততা নেই। তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা দেওয়ার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রগুলোকে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এতে অংশ নেবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *