
নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট ২০২৬
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করেছে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাকিয়া সুলতানা ইভা। সে মোট ১২১৭ নম্বর পেয়ে এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
জাকিয়া সুলতানা ইভা দেবিদ্বার উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেন এবং এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনুর আক্তার দম্পতির মেয়ে। শিক্ষক দম্পতির এই সন্তানের এমন সাফল্যে পরিবার, স্বজন, সহকর্মী ও বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দের বন্যা বইছে।
সংশ্লিষ্টদের মতে, কঠোর অধ্যবসায়, রুটিন অনুযায়ী পড়ালেখা এবং পরিবারের সঠিক পথনির্দেশনার ফলেই এই গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে। তার এই সাফল্যে পুরো প্রাথমিক শিক্ষা পরিবারসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষার প্রতিটি ধাপেও সে তার মেধার স্বাক্ষর রাখবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।

