
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
লিবিয়ায় মারা যাওয়ার দীর্ঘ আট মাস পর দেশে ফিরেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গুরুড়া গ্রামের তরুণ শ্রমিক তরিকুল ইসলামের (২৬) মরদেহ। শনিবার সন্ধ্যায় মরদেহ নিজ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার বাতাস।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র কৃষক পরিবারের সন্তান তরিকুল ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় সাত-আট বছর আগে লিবিয়ায় পাড়ি জমান। সেখানে লিবিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। কিন্তু গত বছরের শেষ বা চলতি বছরের শুরুতে সব ওলটপালট হয়ে যায়। চলতি বছরের ৩ জানুয়ারি কর্মস্থলে কর্মরত অবস্থায় আকস্মিক মারা যান তরিকুল।
তবে আইনি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দীর্ঘ আট মাস অপেক্ষার পর অবশেষে শনিবার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে রাতে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তরুণ এই প্রবাসীর মরদেহ দীর্ঘদিন পর দেশে ফেরায় এবং আকস্মিক এই মৃত্যুতে পুরো গুরুড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পাগলপ্রায় তরিকুলের মা-বাবা ও স্বজনেরা।

