ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

admin
By admin
2 Min Read

বলিউড ভাইজান সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল বিনোদনজগতের অন্যতম আলোচিত বিষয়। পরবর্তীকালে তাদের সম্পর্ক ভেঙে গেলেও সেই প্রেমের সময়কার নানা ঘটনা এখনো বলিউডপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনা সামনে এনে সেই জুটিকে আবারও আলোচনায় নিয়ে এসেছেন অভিনেত্রী স্মিতা জয়কর। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। তার বক্তব্যে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক এবং শুটিংয়ের সেটে তাদের আচরণের নানা দিক উঠে আসে।

স্মিতা জানান, সিনেমাটির শুটিং চলাকালে সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের আচরণেও সেই অনুভূতির প্রকাশ দেখা যেত। বাস্তব জীবনের দুজনের রসায়ন পর্দাতেও ফুটে উঠত বলে জানান তিনি।

তবে প্রেমের সেই আবহের পাশাপাশি শুটিংয়ের সময় নিয়েও বেশ কিছু সমস্যার কথা জানান অভিনেত্রী। তার দাবি, সালমান ও ঐশ্বরিয়া নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছাতেন না। সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক সময় সকাল ১০টা পেরিয়ে যেত, তবু তাদের দেখা মিলত না। এতে সেটের অন্য কর্মীদের মধ্যে বিরক্তি তৈরি হতো। প্রেমে পড়লে এমনটি হতেই পারে— এমন ভেবেই তারা পরিস্থিতি মেনে নিতেন বলে জানান স্মিতা।

সিনেমাটির ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের শুটিংয়ের সময় ঘটে যাওয়া একটি ঘটনাও তুলে ধরেন অভিনেত্রী। স্মিতার বর্ণনা অনুযায়ী, গানের একটি দৃশ্যে সালমান খানকে টেবিলের চারপাশ দিয়ে হেঁটে আসতে হতো। অন্যদিকে ঐশ্বরিয়ার সামনে দাঁড়িয়ে থাকার কথা ছিল। সেই দৃশ্যের শুটিং চলাকালে সালমান হঠাৎ ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে ফেলেন বলে দাবি করেন অভিনেত্রী। বিষয়টি পরিচালকের নজর এড়ায়নি। সঞ্জয় লীলা বানসালি তখন সালমানকে প্রশ্ন করেন, তিনি কেন ঐশ্বরিয়ার হাত ছুঁয়েছেন।

স্মিতা বলেন, পরিচালকের প্রশ্নের উত্তরে সালমান কোনো রাখঢাক করেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দৃশ্যের প্রয়োজনে নয়, ঐশ্বরিয়ার প্রতি নিজের অনুভূতি থেকেই তার হাত ছুঁয়েছিলেন।

সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি না পেলেও ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং ঘিরে এমন নানা ঘটনা আজও আলোচনায় ফিরে আসে। স্মিতা জয়করের সাম্প্রতিক বক্তব্য সেই পুরোনো প্রেমের অধ্যায়কে আবারও সামনে নিয়ে এসেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ