আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
By admin
2 Min Read

আরব আমিরাতে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিহতের বাবা নুর আলম ও পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত ১১ এপ্রিল শারজাহ শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হেলাল (২৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা নুর আলমের দাবি, কর্মস্থলে ছেলেকে হত্যার পর টয়লেটে ঝুলিয়ে রাখা হয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। সহকর্মীদের মাধ্যমে তিনি ছেলের মৃত্যুর খবর পান। পারিবারিক সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বরে হেলাল জীবিকার সন্ধানে আরব আমিরাতে যান। সেখানে ‘নুর আল কামাল পেইন্ট কনট্রাকটিং’ নামে একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কাজ করতেন। এর আগে তার ভাই ফয়সাল একই প্রতিষ্ঠানে কাজ করলেও সমস্যার কারণে দেশে ফিরে আসেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন অকাল মৃত্যুতে শোকাহত স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। ছেলের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বাবা। একই সঙ্গে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি। এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, এ ধরনের কোনো তথ্য এখনো তাদের কাছে পৌঁছায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *