মুক্তির আগেই ৬৬৫ কোটি রুপির ব্যবসার পথে শাহরুখের ‘কিং’

admin
By admin
2 Min Read

শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বড় অঙ্কের অর্থ আয় করেছে। বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে ছবিটির সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি। সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এর মধ্যে আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বই বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে রেকর্ড ন্যূনতম গ্যারান্টি বলে জানা গেছে।

ভারতের বাইরে ‘কিং’ পরিবেশনার দায়িত্ব পেয়েছে ফার্স ফিল্মস। প্রতিষ্ঠানটি ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টিতে স্বত্ব কিনেছে। এর আগে কোনো ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বের চুক্তি ১০০ কোটি রুপির সীমাও অতিক্রম করেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


‘কিং’-এর দৃশ্যে শাহরুখ খান

দেশের বাজারেও বড় অঙ্কের চুক্তি হয়েছে ছবিটি নিয়ে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। এ ছাড়া ওটিটি স্বত্ব নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে ১৫০ কোটি রুপিতে। স্যাটেলাইট স্বত্ব থেকে এসেছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপিতে।

তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে একটি শর্ত রয়েছে। প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য কমবেশি হতে পারে। ফলে প্রেক্ষাগৃহে ছবিটির সাফল্য অনুযায়ী এই খাতের আয়েও পরিবর্তন আসার সুযোগ রয়েছে।


‘কিং’-এর দৃশ্যে শাহরুখ খান

সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুরুতে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। পরবর্তী সময়ে পরিকল্পনায় পরিবর্তন আসায় নির্মাণব্যয় বেড়ে প্রায় ৪০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। শাহরুখ খানের পারিশ্রমিক যুক্ত হলে মোট ব্যয় প্রায় ৫০০ কোটি রুপি হতে পারে। ফলে বিনিয়োগের তুলনায় প্রত্যাশিত আয় নিশ্চিত করতে ছবিটির বক্স অফিস সাফল্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় কাজ করেছিলেন শাহরুখ। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। নতুন সিনেমা ‘কিং’-এ এবার তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলসহ একাধিক তারকা।

আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ