
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:১৩
নরসিংদীর মনোহরদী উপজেলায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে তৌহিদ (৭) ও নাদিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে এবং নাদিম মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনরা জানান:
বিকালে নোয়াদিয়া এলাকায় সড়কের পাশে ঘুরতে বা খেলাধুলা করতে বের হয়েছিল নাদিম ও তৌহিদ। এর একপর্যায়ে নির্জন এলাকার একটি গর্ত বা ডোবার পানিতে পড়ে যায় নাদিম। তাকে তুলতে গিয়ে তৌহিদও পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে একজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে তুলতে গিয়ে দেখতে পান তার হাতে অপর শিশুর হাত ধরা রয়েছে। পরে স্থানীয়রা পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করেন।
উদ্ধারের পর দ্রুত তাদের পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, শিবপুর ও মনোহরদী থানার সীমান্তবর্তী নোয়াদিয়া গ্রামে গর্তের জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

