
- চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হয়েছেন। সম্প্রতি আয়োজিত বার কাউন্সিল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি এ পেশাগত স্বীকৃতি অর্জন করেন।
মো. আব্দুল করিম চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল শুক্কুর ও মাতা হোসনে আরা বেগম। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তিনি চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয়তা তাকে স্থানীয়ভাবে সুপরিচিত করে তোলে।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর সহধর্মিণী বিবি আমেনা সুমি একজন পেশাদার আইনজীবী। ফলে এই দম্পতি এখন আইন পেশার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে একসাথে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. আব্দুল করিম বলেন,
“আইন পেশা একটি মহৎ দায়িত্ব। আমি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।”
তার এই সাফল্যে চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের বিভিন্ন নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
