বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা অনেকেই পরবর্তী সময়ে নেতৃত্বে এসেছেন। আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে বাদ দিয়ে নির্দিষ্ট গোষ্ঠীর লোকজনকে সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগও তোলেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্টের মাধ্যমে রাজনৈতিকভাবে মানুষের মতামত প্রভাবিত করার আশঙ্কা প্রকাশ করেন উমামা। তার দাবি, ফেসবুক ম্যানিপুলেশনের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের তরুণদের কাছে জনপ্রিয় করে তোলা হচ্ছে। জামায়াতের বিরুদ্ধে ইতিহাস ও রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও সমালোচনা আড়াল করতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে রাজি। পোস্টটি প্রকাশের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত এতে সাড়ে পাঁচ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে।
