
রাঙামাটির সাজেকে ২০১৭ সালে সংঘটিত চাঞ্চল্যকর শান্তি লাল চাকমা হত্যা মামলায় নিহতের ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেলা ও দায়রা জজ মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের আগস্টে আসামিরা শান্তি লালকে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে এবং লাশ নদীতে ফেলে দেয়। আদালত এটিকে পশুবৃত্তসুলভ ও বিরল অপরাধ হিসেবে আখ্যা দেন। দণ্ডিতদের মধ্যে ছেলে সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক ভাতিজা আলোময়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
