
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ মস্তিষ্কে জটিলতা দেখা দিলে অস্ত্রোপচার করা হয় মির্জা আব্বাসের। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুর এবং পরবর্তীতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা ও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে শারীরিক সুস্থতার এই খবরের পাশাপাশি সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন। তাঁর সুস্থ হয়ে দেশে ফিরে পুনরায় দলীয় ও সামাজিক কার্যক্রমে সক্রিয় হওয়ার খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
