
নিজস্ব প্রতিবেদক:২০/০৮/২০২৬
সাইদুল ইসলাম নসরুল 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে এক গ্রাম্য সালিসে প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি গ্রামে এই সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে ওই সালিস বসেছিল। সালিসে ওই নারী ও সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুরুষটিকে শাস্তি দেওয়ার কোনো ভিডিও প্রকাশ না পেলেও, নারীকে জুতাপেটার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষের উপস্থিতিতে একটি চেয়ারে বসে আছেন ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন। তাঁর সামনে ওই নারীকে ডেকে এনে বসানো হয় এবং নিজের পায়ের জুতা দিয়ে তাঁকে পেটান চেয়ারম্যান। ভিডিওতে তাঁকে প্রথমে বসা অবস্থায় এবং পরে দাঁড়িয়ে জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়।
নিজের পক্ষে সাফাই গেয়ে ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন দাবি করেন, "প্রবাসী স্বামীর সংসারে থেকে ওই নারী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্থানীয় লোকজন তাঁদের হাতেনাতে আটক করেন। এলাকার বিক্ষুব্ধ লোকজনের হাত থেকে রক্ষা করতে এবং পরিস্থিতি শান্ত করতে আমি সামাজিক বিচারের রায় কার্যকর করেছি মাত্র।"
এদিকে এ বিষয়ে ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত রয়েছে এবং আইনি বিধান অনুযায়ী সালিস পরিচালনার নিয়ম আছে। এর বাইরে কেউ বিচারের নামে এমন অমানবিক ঘটনা ঘটাতে পারেন না। ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
