নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
১২/০৮/২০২৬ ইং
কুমিল্লার চান্দিনায় স্বামীর জানাজার ঠিক পাঁচ মিনিট আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীর এমন আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরে একই সঙ্গে এই দম্পতির জানাজা সম্পন্ন করে তাদের পাশাপাশি দাফন করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের রাণীচড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত দম্পতি হলেন—রাণীচড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার (৬১) ও তার স্ত্রী সালেহা বেগম (৫৬)। আব্দুস সাত্তার স্থানীয় একটি মাধ্যমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত নৈশপ্রহরী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১০ আগস্ট) বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আব্দুস সাত্তার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়। স্বজন ও এলাকাবাসী বাদ জোহর জানাজার সময় নির্ধারণ করে কফিন প্রস্তুত ও কবর খোঁড়াসহ দাফনের সমস্ত আয়োজন সম্পন্ন করেন। জোহরের নামাজের পর যখন জানাজার আর মাত্র পাঁচ মিনিট বাকি এবং চারদিকে চরম শোকের পরিবেশ বিরাজ করছে, ঠিক তখনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা।
স্বামীর শোকে কাতর স্ত্রী সালেহা বেগম পরিবারের সদস্যদের সামনে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও স্বামীর জানাজার মাত্র পাঁচ মিনিট আগে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
যে উঠানে স্বামীর মরদেহ দাফনের জন্য কবর খোঁড়া হচ্ছিল এবং জানাজার প্রস্তুতি চলছিল, মুহূর্তেই সেখানে যোগ হয় স্ত্রীর মরদেহও। পরে মঙ্গলবার দুপুর আড়াইটায় একই মাঠে স্বামী-স্ত্রীর একত্রে জানাজা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়। একসাথে দীর্ঘ পথচলা এই দম্পতির মৃত্যুর সময়ও এমন মিল থাকায় এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
কুমিল্লা প্রতিনিধি
সুমন 