নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা কাজীর দেউড়ি। হকার, অস্থায়ী দোকান আর ফুটপাত দখলের চিরচেনা জঞ্জাল যার নিত্যদিনের সঙ্গী। সাধারণ পথচারীদের জন্য এই এলাকার ফুটপাত দিয়ে স্বস্তিতে হাঁটা যেন এক প্রকার অসম্ভব ব্যাপার। কিন্তু হঠাৎ করেই যেন পাল্টে গেছে এই চিত্র।
প্রশ্ন থেকেই যায়—সর্বশেষ কবে এমন হকারমুক্ত ও পরিচ্ছন্ন কাজীর দেউড়ি দেখেছেন নগরবাসী?
সাধারণত ভিড়ভাট্টা আর হকারদের দখলে থাকা এই গুরুত্বপূর্ণ মোড় ও এর আশেপাশের ফুটপাতগুলো এখন সম্পূর্ণ ফাঁকা ও পরিপাটি। কিন্তু এই দৃশ্য কি স্থায়ী, নাকি কোনো বিশেষ ভিআইপি বা প্রবাসীর আগমন কিংবা সাময়িক কোনো উদ্যোগের ফল?—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।
নগরের প্রতিটি সড়ক ও ফুটপাত যদি নিয়মিতভাবে দখলমুক্ত রাখা হতো, তবে সাধারণ পথচারীদের প্রতিদিনের এই দুর্ভোগ পোহাতে হতো না। নগরবাসীর প্রত্যাশা, কেবল বিশেষ কোনো দিন বা ক্ষণ নয়, বরং প্রশাসনের নিয়মিত তদারকির মাধ্যমে ফুটপাতগুলো সবসময়ই দখলমুক্ত ও চলাচলের উপযোগী রাখা হোক।