চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে দুইজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কাজী মনিরুল করিম চৌধুরী (ইনচার্জ, পাথরঘাটা পুলিশ ফাঁড়ি) সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজঘাট থেকে মেরিনার্স রোডের পুরাতন ফিশারিঘাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় কক্সবাজারমুখী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) থামার সংকেত দেওয়া হলে গাড়িটি কৌশলে ইউ-টার্ন নিয়ে পালানোর চেষ্টা করে।
পরে আভিযানিক দল ধাওয়া করে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ব্রিকফিল্ড রোডের একটি কালভার্টের ওপর থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে। এসময় গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত লোকজন ও সংবাদকর্মীদের সামনে গাড়িটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো অবস্থায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, একটি রিয়েলমি (RMX5566) এবং একটি ভিভো (১৯৫১ মডেল) মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।