
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) পটিয়া ও চন্দনাইশ উপজেলা পরিদর্শন করেন। দিনব্যাপী এ সফরের শুরুতে তিনি চন্দনাইশ উপজেলা এবং পরবর্তীতে পটিয়া উপজেলার বিভিন্ন দপ্তর ও কর্মকাণ্ড পরিদর্শন করেন।
সকাল ১০টায় জেলা প্রশাসক চন্দনাইশ থানা পরিদর্শন করেন এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার, চন্দনাইশ এর সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন—
“আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সিস্টেম নিজস্ব নিয়ম ও গতিতে চলবে—কেউ একে ব্যক্তিস্বার্থে পরিচালনা করবে না। আমরা বিশ্বাস করি, প্রত্যেক কর্মকর্তা ইতিবাচক পরিবর্তনের অংশীদার হবেন। মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং একটি মানবিক সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য। মানুষের মাঝে মানবতা ও বিবেকবোধ না থাকলে তাকে যতই ‘আশরাফুল মাখলুকাত’ বলা হোক, প্রকৃত অর্থে তার কোনো মূল্য নেই।”
সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা–স্বাস্থ্য খাতের উন্নয়ন, সেবাগ্রহীতাদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান এবং সরকারি প্রকল্প বাস্তবায়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল, ৬ জনকে সুবর্ণ নাগরিক কার্ড, ১০ জন কৃষকের মাঝে সার–বীজ, ৪০ জন এতিম শিশুর মাঝে পোষাক ও শিক্ষা উপকরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
পরে তিনি চন্দনাইশ উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করেন এবং চট্টগ্রাম–১৪ আসনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের মাধ্যমে চন্দনাইশ পরিদর্শন কর্মসূচি শেষ করেন।
চন্দনাইশ পরিদর্শন শেষে জেলা প্রশাসক পটিয়া উপজেলা অভিমুখে রওনা হন। তিনি পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পটিয়া থানা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পটিয়া থানা পরিদর্শনকালে তিনি থানার অস্ত্রাগার দেখেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। পরে পটিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
উভয় উপজেলাতেই জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় একজন ভিক্ষুককে রিকশা প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড ও ট্রাইসাইকেল বিতরণ, কৃষকদের মাঝে রবি প্রণোদনার সার ও বীজ বিতরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে আত্মকর্মসংস্থানের জন্য চেক বিতরণ, সরকারি শিশু পরিবারের কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং হাবিলাসদ্বীপ সরকারি শিশু পরিবারের খেলার মাঠ উন্নয়ন প্রকল্প উদ্বোধন উল্লেখযোগ্য।
দিনব্যাপী সফরে উপস্থিত ছিলেন জনাব মো. রাজিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (চন্দনাইশ); জনাব ফারহানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (পটিয়া); জনাব রয়া ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি), পটিয়া; অফিসার ইনচার্জ, পটিয়া থানা; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।